তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়ে গতকাল সোমবার কুমিল্লায় সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকেরা মানববন্ধন করেছেন। সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
শ্রমিকদের তিন দফা দাবি হলো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড মহাসড়ক ক্রসিং পার হওয়ার অনুমতি, মহাসড়কের লাগোয়া ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বৃদ্ধি ও আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা চলাচল নিশ্চিতকরণ।
সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার, লালমাই, বাগমারা এলাকায় ওই মানববন্ধন হয়। এতে গৈয়ারভাঙা অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তাজুল ইসলাম, ভুশ্চি এলাকার আবদুল মালেক, প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা অবিলম্বে ওই তিন দফা বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন।
মানববন্ধন চলাকালে ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
অটোরিকশাচালক জাহাঙ্গীর মিয়া অভিযোগ করে বলেন, ‘সদর দক্ষিণ উপজেলার গৈয়ারভাঙা এলাকা থেকে অটোরিকশা নিয়ে শহরে যাওয়ার পথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পুলিশ হয়রানি করে। একই সঙ্গে পুলিশ তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করে। এতে আমাদের পথে বসার উপক্রম হয়েছে।’
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার সোলায়মান মিয়া বলেন, যাঁদের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নেই, তাঁদের আটক করে মোটরযান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।