কুমিল্লায় অনলাইনে পুলিশ ভেরিফিকেশন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন বিদেশগামী শত শত ব্যক্তি পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। এতে করে ওই কার্যালয়ের সামনে প্রতিনিয়ত জটলা লেগে থাকে। তার ওপর কুমিল্লায় আসা-যাওয়ার খরচ তো আছেই। সময়েরও অপচয় হয়।
এ অবস্থায় নাগরিক সেবা দেওয়ার জন্য অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসন। আজ সোমবার থেকে অনলাইনে নির্ধারিত ফি দিয়ে যেকোনো জায়গা থেকে এই সনদের জন্য আবেদন করা যাবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তির কুমিল্লায় আসতে হবে না।
গতকাল রোববার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। জেলা পুলিশ দপ্তরের শহীদ মুন্সী কবির উদ্দিন প্রতিকৃতির সামনে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মো. আকতার আলী, সহকারী পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন ও কুমিল্লার ১৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের উদ্যোগে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের অধীনে এ কাজ হবে। কুমিল্লাকে পাইলট প্রকল্প হিসেবে নিয়ে সোমবার (আজ) থেকে কার্যক্রম শুরু হচ্ছে। দ্রুততম সময়ে সনদ দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁদের স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ ও ট্যাব রয়েছে, তাঁরাই এর সুবিধা পাবেন। ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র, সাইবার ক্যাফে বা ব্যক্তিগত মুঠোফোন থেকে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন ফি ৫০০ টাকা। সোমবার থেকে কোনো ধরনের হাতের লেখা আবেদন নেওয়া হবে না। এ-সম্পর্কিত নির্দেশনা http://pcc.police.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
জেলা পুলিশ সুপার জানান বলেন, গত অক্টোবরে কুমিল্লা জেলায় নয় হাজার সনদ দেওয়া হয়েছে। গত কয়েক দিনে জমা হয়েছে আরও এক হাজার সনদ।