কুমিল্লায় অনুমোদনহীন ব্যাটারিচালিত ও সিএনজি অটোরিকশার ছড়াছড়ি
কুমিল্লা জেলায় অনুমোদনহীন সিএনজি ও ব্যাটারিচালিত (ইজিবাইক) অটোরিকশার ছড়াছড়ি। লাইসেন্সবিহীন এসব অটোরিকশার কারণে নগর ও গ্রামাঞ্চলের সড়কগুলোতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা।অন্যদিকে এসব অটোরিকশাচালকের নেই ড্রাইভিং লাইসেন্সও। পাশাপাশি অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় নগরের বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুমিল্লা শাখা সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় আট হাজার ৩২৩টি সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স আছে। ওই সব অটোরিকশার চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই।বিআরটিএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কুমিল্লার ১৬টি উপজেলায় কমপক্ষে ২০ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলে। এগুলোর চলাচলের জন্য কোনো ধরনের বৈধ স্ট্যান্ড নেই। কুমিল্লা-থ-১১ নাম দিয়ে অবৈধভাবে এসব বাহন মাঠে নামছে। মহাসড়কে এদের চলাচল নিষেধ থাকলেও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ওরা।এদিকে শহরের রামঘাট আওয়ামী লীগ কার্যালয় ও এর সামনের সড়কে নতুন করে আবারও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড বসানো হয়েছে। সিটি সার্ভিস নাম দিয়ে এসব বাহন চলতে দেখা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি বর্তমান সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তার ভাই আওয়ামী লীগের চার সাংসদের সুপারিশ নিয়ে তৎকালীন জেলা প্রশাসক মনজুরুর রহমানের মাধ্যমে এক দিনেই এক হাজার ৯০০ সিএনজিচালিত অটোরিকশার অনুমোদন নেন। অনুমোদন পাওয়া ওই সব বাহনের কোনো চালক এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স নেননি।বিআরটিএ কুমিল্লা জেলার সহকারী পরিচালক শেখ রোকন উদ্দিন বলেন, ‘২০০৯ সালের সেপ্টেম্বর মাস থেকে সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। এখন আমরা সিএনজিচালিত অটোরিকশার রোড ট্যাক্স নবায়ন ফি বাবদ বার্ষিক দুই হাজার ৩৪৫ টাকা, ফিটনেস ফি বাবদ বার্ষিক ৬৪৫ টাকা এবং রোড পারমিট বাবদ তিন বছরের জন্য ৮০৫ টাকা করে নিয়ে থাকি। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ যানবাহন ধরা হয়।’এদিকে কুমিল্লা নগর ও গ্রামাঞ্চলকে গিলে খাচ্ছে ৪০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা। এর মধ্যে ২০০৮ সালে মাত্র ৩০০ লাইসেন্স দেয় কুমিল্লার সদ্য বিলুপ্ত পৌরসভা। বাকিগুলোর অনুমোদন নেই। অনুমোদনহীন এসব অটোরিকশার কারণে নগরের কান্দিরপাড়, টমছমব্রীজ, চকবাজার, পুলিশ লাইন, শাসনগাছা, রাজগঞ্জ, মনোহরপুরসহ সব জায়গায়ই যানজট লেগে থাকে। ইজিবাইকের কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে। কুমিল্লা শহরের অর্থোপেডিক চিকিৎসক আনোয়ার-উজ্জামান বলেন, ‘আমার কাছে আসা রোগীদের অধিকাংশই ইজিবাইকের ধাক্কা খেয়ে আসে। ইজি বাইকের কারণে হাড়ের রোগী বাড়ছে।’জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, ‘আমার স্ত্রী রিকশার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে ইজিবাইক এসে ধাক্কা মেরে তার হাড় ভেঙে দেয়। অদক্ষ ও কিশোর চালকদের কারণে এই দুর্ঘটনা হয়েছে।’জেলা প্রশাসক ও জেলা বিআরটিএর সভাপতি মো. রেজাউল আহসান বলেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ বাহন ধরছি। এদের মোটরযান আইন মোতাবেক সাজা দেওয়া হচ্ছে। অবৈধ বাহনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব।’