কুমিল্লায় অন্তঃকোন্দলে নিয়ন্ত্রণহীন ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এক বছরের ওই কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে গত ৮ ডিসেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ বিগত সিটি করপোরেশন নির্বাচনে দলের বিদ্রোহী মেয়র পদপ্রার্থীর পক্ষে কাজ করায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদকে বহিষ্কারের সুপারিশ করে।২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হয়। দেড় বছর পেরিয়ে গেলেও ছাত্রলীগের মহানগর কমিটি হয়নি। এ অবস্থার মধ্য দিয়ে ৪ জানুয়ারি ছাত্রলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে ছাত্রলীগের নয় পক্ষ আলাদাভাবে কেক কেটে কর্মসূচি পালন করে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায়, তবু প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক কর্মসূচি পালনকে দলীয় অন্তঃকোন্দল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতা-কর্মীরা।দলীয় সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিনের উদ্যোগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এখানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক কেক কাটেন। ওই সময় ছাত্রলীগের সভাপতি ছাড়া জেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। একই দিন বিকেল পাঁচটায় যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক ও জালাল উদ্দিন ভূঁইয়ার উদ্যোগে নগরের স্টেডিয়াম এলাকার একটি পার্টি সেন্টারে কেক কাটা হয়। এখানে কেক কাটেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান। দলের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম সারোয়ার ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা দুপুরে দলীয় কার্যালয়ে কেক কাটেন। একই কার্যালয়ে সন্ধ্যায় কেট কাটেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারের অনুসারী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান। আরেক সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নগরের কান্দিরপাড় এলাকায় আলাদাভাবে মিছিল করেন।রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের কান্দিরপাড়ের ব্যক্তিগত কার্যালয়ে কেক কাটেন মহানগর ছাত্রলীগের ব্যানারে গোলাম সারওয়ার ও মিজানুর রহমান। শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাসের নেতৃত্বে একটি অংশ কুমিল্লা জিলা স্কুল সড়কের একটি কমিউনিটি সেন্টারে কেক কাটে। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী নাজমুল ইসলাম, মাজহারুল ইসলাম ও আনিছুর রহমান রামঘাট দলীয় কার্যালয়ে কেক কাটেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের অনুসারী গোলাম মোস্তফা নগরের মডার্ন কমিউনিটি সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ ওই কমিটির প্রতি শুরু থেকেই ছাত্রনেতাদের আস্থার সংকট ছিল। ওই নেতৃত্ব ছাত্রদের প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ, যে কারণে দলের মধ্যে উপধারা তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেটি প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। দীর্ঘদিন জেলা ও মহানগর কমিটি না হওয়ায় ছাত্রলীগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।’এ প্রসঙ্গে আ ফ ম আহসান উদ্দিন বলেন, ‘আমি সবাইকে এককাট্টা হয়ে কেক কাটার জন্য আমন্ত্রণ জানিয়েছি। কেউ আলাদাভাবে কেক কাটলে আমার তো বলার কিছু নেই। দলের মধ্যে উপধারা থাকলেও কেক কাটার ক্ষেত্রে সবাই একসঙ্গে থাকলে ভালো হতো। কেউ আলাদা মিছিল করে, আলাদাভাবে কেক কেটে স্থানীয় পত্রিকায় ছবি ও বিজ্ঞাপন দিলে আমি কী করব।’