কুমিল্লায় অন্তঃকোন্দলে যুবদলের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের রেইসকোর্স এলাকায় এস এম তৌফিক ইসলাম ওরফে সোহেল (৪০) নামে যুবদলের এক নেতা খুন হয়েছেন। গতকাল রোববার বিকেলে ১৮ দলীয় জোটের নেতাদের এক মতবিনিময় সভা শেষে দলীয় প্রতিপক্ষের কর্মীরা প্রকাশ্যে তাঁর বুকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহত তৌফিক ও তাঁর প্রতিপক্ষরা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের মূলধারার অনুসারী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল বিকেল পাঁচটায় কুমিল্লা নগরের ২ নম্বর ওয়ার্ডের রেইসকোর্স এলাকার একটি রেস্তোরাঁয় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মতবিনিময় সভা হয়। সভার শেষে রেস্তোরাঁর নিচে কুমিল্লা মহানগর যুবদলের সদস্য আহসান হাবিব ওরফে মিঠুর সঙ্গে ওই ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম তৌফিক ওরফে সোহেলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তৌফিকের বুকের বাম ও ডান পাশে ছুরিকাঘাত করেন আহসান। তৌফিককে প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। এখানে কর্তব্যরত চিকিৎসকেরা তৌফিককে মৃত ঘোষণা করেন। পরে তৌফিকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত তৌফিকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর বাসা নগরের রেইসকোর্স এলাকায়। আহসান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামানের ছোট ভাই। এ ব্যাপারে বিএনপির নেতা মোস্তফা জামান বলেন, ‘ওরা দুজন বন্ধু ছিল, কী থেকে কী হয়ে গেল, বুঝলাম না।’ জরুরি বিভাগের চিকিৎসক মালেকুল আফতাব প্রথম আলোকে বলেন, ‘নিহতের বুকের বাম ও ডান পাশে ছুরিকাঘাতের একাধিক দাগ রয়েছে।’ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, রেইসকোর্সের ওই হোটেলে ১৮ দলীয় জোটের নেতা জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন, এলডিপির কেন্দ্রীয় নেতা রেদোয়ান আহমেদ, জামায়াতের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ দলীয় নেতারা মতবিনিময় সভা করছিলেন। সভা শেষে হোটেলের নিচে ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘যুবদলের ওই দুই নেতাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদের অনুসারী। আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’