কুমিল্লায় অবৈধভাবে চলছে ২১টি ইটভাটা
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কুমিল্লার নয়টি উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে ২১টি ইটভাটা। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ফসলি জমি নষ্ট করে এসব ইটভাটা নির্মিত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক শওকত আরা প্রথম আলোকে জানান, কুমিল্লার নয় উপজেলার মধ্যে ২১টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি শুরু করেছে। এর মধ্যে মুরাদনগর উপজেলায় ছয়টি, নাঙ্গলকোটে চারটি, চৌদ্দগ্রামে তিনটি, মনোহরগঞ্জে দুটি, লাকসাম, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, তিতাস, সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় একটি করে ইটভাটা রয়েছে। ২০০৯ সাল থেকেই এসব ইটভাটা নির্মাণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া চলতি বছরের জানুয়ারিতে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের খাটাইয়া গ্রামের মেসার্স ভাইয়া জিগজাগ ব্রিকফিল্ড নামে একটি ইটভাটা নির্মাণকাজ শুরু করেন জনৈক আফজল আলম। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ করায় গত ২ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর তাঁকে দুই লাখ টাকা জরিমানা করে। তা ছাড়া একই আইন লঙ্ঘনের অভিযোগে গত ৪ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সিধুচী গ্রামের তিশা ব্রিকসের মালিক মাইন উদ্দিনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। সরেজমিনে খাটাইয়া গ্রামে গিয়ে দেখা গেছে, চারপাশে ফসলি জমি এর মধ্যে নির্মাণ হচ্ছে ইটভাটা। বালুয়া গ্রামের আমজাদ হোসেন বলেন, ‘খাটাইয়া গ্রামের কাছেই একাধিক ইটভাটা রয়েছে। এখন আমাদের ফসলি জমি নষ্ট করে ইটভাটা তৈরি করা হচ্ছে। এসব ইটভাটা বন্ধ রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাই।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইটভাটার মালিক বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কৃষি বিভাগের অনুমোদন নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ছাড়পত্র নেওয়ার আগে ইটভাটা তৈরির বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘পর্যায়ক্রমে অবৈধভাবে গড়ে ওঠা সব ইটভাটার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দুটি ইটভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’জেলা প্রশাসক রেজাউল আহসান বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে বলেছি। এ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও আইন প্রয়োগকারী সংস্থা প্রয়োজনীয় সহযোগিতা করবে। শিগিগর অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান শুরু হবে।’