কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয়-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় সাবেক দুই ছাত্রনেতা নূর-উর রহমান মাহমুদ ও আনিসুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।গতকাল শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সিটি করপোরেশন নির্বাচনের ১১ মাস পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মুস্তফা কামালের গ্রামের বাড়ি সদর দক্ষিণ উপজেলার দুতিয়ারপুরে ওই সভা হয়। সভায় মুস্তফা কামাল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর-উর রহমান মাহমুদ ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে বহিষ্কারের দাবি ওঠে। একই সঙ্গে নির্বাচনে আনিসুর রহমানের পক্ষে প্রচারণা চালানোর কারণে জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদকেও বহিষ্কারের দাবিও ওঠে। এরই পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। নূর-উর রহমান মাহমুদ বলেন, ‘কোন পরিস্থিতিতে নির্বাচন করেছিলাম, নিশ্চয়ই জননেত্রী শেখ হাসিনা সেটা বিবেচনা করবেন এবং আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’আনিসুর রহমান বলেন, ‘আমার শ্রদ্ধেয় নেতারা জেলা আওয়ামী লীগও বোঝেন না, বহিষ্কারও বোঝেন না। তাঁরা ছাত্রলীগের সাধারণ সম্পাদককেও বহিষ্কারের ক্ষমতা রাখেন!’ জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় নূর-উর-রহমান মাহমুদ ও আনিসুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদকেও বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তাঁর ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠানো হবে।সূত্র জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য চঞ্চল কুমার ঘোষও মেয়র পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তাঁর ব্যাপারে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। দলের একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আফজল খানের পক্ষে ‘ডামি প্রার্থী’ হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। যে কারণে তাঁর বিষয়টি আলোচনায় আসেনি। গত ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।