কুমিল্লায় আ.লীগ দলীয় সাংসদের বিরুদ্ধে রেদোয়ানের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগের সাংসদ এবং দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে কলেজ ধ্বংস ও ইটভাটা দখলের অভিযোগ করেছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ রেদোয়ান আহমেদ। গতকাল শনিবার কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে রেদোয়ান আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের বর্তমান সাংসদ আলী আশ্রাফ আমার প্রতিষ্ঠিত মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজকে ক্ষতিগ্রস্ত করে তাঁর হীনস্বার্থ চরিতার্থ করতে এক কিলোমিটার এলাকার মধ্যে আরেকটি কলেজ করেন। কলাগাঁও মাধাইয়া কলেজ নামের ওই প্রতিষ্ঠানটির নামে জেলা পরিষদ থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ নিয়েছেন।’রেদোয়ান বলেন, বৃহস্পতিবার চান্দিনা উপজেলার মাধাইয়াসংলগ্ন কলাগাঁও নামক স্থানে তাঁর প্রতিষ্ঠিত আরএনআর ব্রিকস লিমিটেড ইটভাটায় গিয়ে সাংসদের অনুসারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।এ ব্যাপারে সাংসদ আলী আশ্রাফের সঙ্গে তাঁর মুঠোফোনে কমপক্ষে আটবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আলম বলেন, রেদোয়ান আহমেদ অসত্য তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কলেজ সম্পূর্ণ নিয়মনীতি মেনেই হচ্ছে। ইটভাটায় কেউ হাঙ্গামা করেনি।