জিয়ার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ
কুমিল্লায় আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সকালে মামলা, বিকেলে খারিজ
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে কটূক্তি করার অভিযোগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে গতকাল সোমবার সকালে কুমিল্লার একটি আদালতে মামলা হয়। বিকেলেই আদালত তা খারিজ করে দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বাহাউদ্দিন কাজীর আদালতে কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ওই মামলা করেন। বিচারক বাদীর প্রাথমিক জবানবন্দি নিয়ে পরে নির্দেশনা দেবেন বলে জানান। পরে বিকেল সাড়ে তিনটায় মামলাটি খারিজ করে দেওয়া হয়।আরজিতে বাদী উল্লেখ করেন, ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছেন। এতে তাঁকে হেয়, কটাক্ষ ও অসম্মানিত করা হয়েছে।মামলার ৮ নম্বর সাক্ষী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন কায়সার বলেন, ‘এখন আমরা উচ্চ আদালতে মামলা করব।’