কুমিল্লায় আওয়ামী লীগ নেতার কাণ্ড
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ধনু মিয়া উপজেলার ভূমি অফিস সহকারী জাহাঙ্গীর কবির ভুঁইয়াকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালের এ ঘটনায় মেঘনা থানায় মামলা করা হয়েছে। মেঘনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার মণ্ডল প্রথম আলোকে জানান, সকালে জাহাঙ্গীর কবির ভুঁইয়া দপ্তরে কাজ করছিলেন। ওই সময় মানিকারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ধনু মিয়া ও তাঁর ছেলে আবদুল বাতেনের নেতৃত্বে সাত-আটজন যুবক সেখানে গিয়ে জাহাঙ্গীরকে প্রথমে গালিগালাজ পরে মারধর করেন। একপর্যায়ে তাঁরা জাহাঙ্গীরকে মোটরসাইকেলে তুলে মেঘনা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে নিয়ে দ্বিতীয় দফা মারধরের পর তাঁর পাঞ্জাবি ও গেঞ্জি খুলে রাখেন। ইউএনও উত্তম কুমার মণ্ডল বলেন, ‘জাহাঙ্গীর কবির ভুঁইয়ার চাকরি আর মাত্র সাত-আট মাস রয়েছে। এভাবে একজন বীর মুক্তিযোদ্ধাকে মারধর করা ঠিক হয়নি।’ তিনি জানান, আওয়ামী লীগের ওই নেতা কার্যালয়ের কিছু নথিপত্রও তছনছ করেছেন। কোনো ফাইল খোয়া গেছে কি না, খোঁজা হচ্ছে।মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘সরকারি কর্মচারীকে মারধরের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এ বিষয়ে আওয়ামী লীগের নেতা ধনু মিয়ার বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. শফিকুল আলম বলেন, ‘আমি ঢাকায় রয়েছি। জানতে পেরেছি ভূমি অফিসে নানা অনিয়মের প্রতিবাদ করায় মারধরের ওই ঘটনা ঘটেছে। তবে মারধর করা ঠিক হয়নি। কাল (আজ সোমবার) মেঘনায় গিয়ে বিষয়টির সমাধান করে দেব।’