কুমিল্লায় আটজনের প্রাণহানি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং, দেবীদ্বার ও চৌদ্দগ্রামে তিন দিনে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। বুড়িচং উপজেলার কাবিলা মদীনা ফিলিং স্টেশনের কাছে বুধবার বিকেল পাঁচটার দিকে একটি বাস একটি মাইক্রোবাসকে চাঁপা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক পুরান ঢাকার সূত্রাপুর এলাকার লিয়াকত আলী (৩৫), যাত্রী ফরাশগঞ্জের ফেরদৌস (১৮) ও রুবাইয়াত (২) নিহত হয়। বুড়িচংয়ের নিমতলী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, নিহত যাত্রীরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।বুধবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার ঊষা জুট মিলের কাছে একটি বাসের কাঁচ ছিটকে বাহাদুর চৌধুরী নামের এক পথচারীর গলায় বিঁধলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত বাহাদুর কুমিল্লার চান্দিনা উপজেলার রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের ছাত্র। কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী অজ্ঞাতনামা এক পুরুষ (২৮) ও এক নারী (৩৫) নিহত হন। একই মহাসড়কের চৌদ্দগ্রাম সরকারি কলেজ গেটের কাছে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চারটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোজাম্মেল হক (২৮) ও হাসপাতালে নেওয়ার পথে সোলায়মান (৩০) নামের আরেকজন নিহত হন। নিহতদের বাড়ি নেত্রকোনার আটপাড়ার মহরাকান্দা গ্রামে।