কুমিল্লায় আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়ন
কুমিল্লায় মাদক মামলার আসামি গিয়াস উদ্দিন (২২) আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছেন। গতকাল বুধবার সকালে গিয়াস উদ্দিনকে কুমিল্লার যুগ্ম দায়রা জজ চতুর্থ আদালতে হাজির করার জন্য কারাগার থেকে আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে তাঁকে নিয়ে পুলিশ গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। তখন সুযোগ পেয়ে গিয়াস উদ্দিন দৌড়ে পালিয়ে যান। এরপর আর তাঁর খোঁজ মেলেনি।সূত্র জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি গ্রামের খুচরা মাদকবিক্রেতা গিয়াস উদ্দিন চার বছর আগে শশীদল এলাকায় আট বোতল ফেনসিডিলসহ পুলিশের কাছে ধরা পড়েন। কিছুদিন পর তিনি জামিনে ছাড়া পান। কিন্তু মামলা চলাকালে আদালতে নিয়মিত হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠায়। আদালত প্রাঙ্গণ থেকে আসামির পলায়নের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান।