কুমিল্লায় আন্তজেলা গাড়িচোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
কুমিল্লার বিভিন্ন এলাকায় গত সোমবার অভিযান চালিয়ে পুলিশ আন্তজেলা গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে চট্টগ্রামের এক ব্যবসায়ীর চুরি হওয়া একটি জিপ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, গত ১৯ নভেম্বর চট্টগ্রামের পাথরঘাটা এলাকা থেকে নূর হোসেন নামের এক ব্যবসায়ীর একটি জিপ চুরি হয়। গত রোববার সকালে পুলিশ চট্টগ্রামের দেওয়ানহাট কাঁচা রাস্তা থেকে ওমর ফারুক (২০) নামের এক গাড়িচোরকে আটক করে। গত সোমবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা শহরের ফৌজদারি সড়ক এলাকার নিশান কার ফ্যাশনের মালিক শাহজাহান মজুমদার ও স্বপন মিয়া এবং জামাল হোসেনকে আটক করে। পরে চারজনের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে লাকসাম উপজেলার হাতিরটোলা গ্রামের মিজানুর রহমানের বাড়ি থেকে জিপটি উদ্ধার করা হয়।