কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে আটটি মোটরসাইকেল, মোটরসাইকেলের যন্ত্রাংশ ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার কোতোয়ালি মডেল থানা পুলিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, গত সোমবার কুমিল্লার বিভিন্ন স্থান থেকে আন্তজেলা মোটরসাইকেল ছিনতাইকারী দলের প্রধানসহ ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন: কুমিল্লা শহরের অশোকতলা এলাকার সুমন ওরফে জিরা সুমন (২৫), ঠাকুরপাড়ার রবি চন্দ্র দাস ওরফে বগি (২২) ও গোবিন্দপুর এলাকার কবির ওরফে ডেঙ্গা কবির (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকালে মোটরসাইকেলসহ সুমনকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে বগিকে এবং বগির স্বীকারোক্তি অনুযায়ী কবিরকে মোটরসাইকেল ও সিপিইউসহ রাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাতটি এবং সদর দক্ষিণ থানায় একটি মামলা রয়েছে।