কুমিল্লায় আবার সেই জমির মাটি কেটে নিয়েছে সন্ত্রাসীরা
কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীবাজার ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এক ব্যক্তির ফসলি জমির মাটি আবার কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এর আগে গত বছরের ১৯ অক্টোবর এই জমির মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করেছিল তারা।জানা গেছে, জাঙ্গালিয়া গ্রামের প্রয়াত বাদশা মিয়ার দুই একর ৫২ শতক জায়গা নিয়ে আবদুল কাদেরের পরিবার বসবাস করছে। জমিটি দখলে নিতে ওই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের কিছু দুর্বৃত্ত ওই পরিবারকে নানাভাবে হয়রানি করছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। কিন্তু গতকাল সকালে জসিম, আবু, ইকবাল, ইসু মিয়া, ইউসুফ, মো. আলী নেওয়াজ, স্বপন, শিপন ও মো. আবদুর রহমান লোকজন নিয়ে জমির মাটি কাটা শুরু করে। দুপুর একটার দিকে প্রথম আলোর কুমিল্লা অফিসের আলোকচিত্রী মাটি কাটার ছবি তুলতে গেলে তারা বাধা দেয়।গ্রামবাসী জানান, পূর্ব জাঙ্গালিয়া মৌজার ১৯ নম্বর খতিয়ানের ওই জায়গার দখল নিতে সন্ত্রাসীরা বাদশা মিয়ার স্বজনদের ওপর কয়েক দফা হামলা চালায়। তাদের নানাভাবে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। তাদের ভয়ে পরিবারটি আতঙ্কের মধ্যে আছে। শুধু ওই পরিবার নয়, সন্ত্রাসীরা একইভাবে ওই এলাকার আরও অনেকের জমি দখলের চেষ্টা করছে।তবে ইউসুফ ও জসিম দাবি করেন, তাঁরা ক্রয়সূত্রে ওই জায়গার মালিক। কোতোয়ালি মডেল থানার সেনানিবাস পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার পর সেখানে গিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি।’