কুমিল্লায় আবুল হাশেমকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের বাসিন্দা আবুল হাশেমকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লার গবেষণা ও সামাজিক সংগঠন ‘প্রতিবেশী’। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হলে ওই সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস। অনুষ্ঠানে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি অধ্যক্ষ মমিনুল হক চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ শাহজাহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি আবুল হাশেম তাঁর কর্মময় জীবনের কথা উল্লেখ করে বলেন, ‘কিছু পাওয়ার জন্য কাজ করিনি, বিবেকের তাড়নায় সমাজকে বদলে দেওয়ার জন্য নানা ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান করে সমাজসেবা করছি। ৮৯ বছর বয়সে এ প্রাপ্তি আমাকে আরও সামনের দিকে এগিয়ে নেবে।’ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। ২০০৭ সালের ১০ নভেম্বর একুশে পদকপ্রাপ্ত আবুল হাশেমকে নিয়ে প্রথম আলোর প্রথম পাতায় ‘শিক্ষা ও সেবার আলো হাতে আবুল হাশেম’ শীর্ষক (শনিবারের বিশেষ প্রতিবেদন) প্রকাশিত হয়।