কুমিল্লায় ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনির হোসাইনসহ (৪০) দুজনকে হত্যার ঘটনায় দাউদকান্দি থানায় মামলা করেছেন মনিরের স্ত্রী তাহমিনা আক্তার। ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আট-নয়জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে ওই মামলা করা হয়।
মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে। তবে গতকাল বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার রাতে জিয়ারকান্দি হাফিজউদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে মনিরের জানাজা অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, মামলায় দাউদকান্দি উপজেলার জুলহাস (৩৮), রাসেল ওরফে তামা রাসেল (৩৩), মোহাম্মদ আলী (৩৫), নূর মোহাম্মদ (২৮), হাসান (৩৫), সাইফুল (২৭), রুবেল মিয়া (২৫), আবু সাঈদ (৩২), ইয়াছিন (২৫), বেলাল আহমেদ ওরফে বাবুল (২৮), আল-আমিন (৩০), সুমন (২৫), তিতাস উপজেলার শাকিল ওরফে ছোট শাকিলকে (২৬) আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও আট থেকে নয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কয়েকটি জায়গায় তল্লাশিও করা হয়েছে।
কুমিল্লা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম বলেন, ‘মঙ্গলবার রাতে মামলা হওয়ার পর আমরা তদন্ত শুরু করি। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাই।’
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার সকালে জিয়ারকান্দির ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসাইনকে মাইক্রোবাস থেকে নামিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হন তাঁর সহযোগী মহিউদ্দিনও। গুলিবিদ্ধ হন আরও দুজন।