কুমিল্লায় ইউপি নির্বাচন আজ থেকে
কুমিল্লায় আজ বুধবার থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। আজ ভোট গ্রহণ করা হবে দেবীদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে।আজ দেবীদ্বারের ইউসুফপুর, এলাহাবাদ, জাফরগঞ্জ, ধামতী উত্তর, সুলতানপুর, ফতেহাবাদ, বড়কামতা, বড় শালঘর, ভানী, মোহনপুর, রাজামেহের, রসুলপুর ও সুবিল ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।দেবীদ্বারের ১৩টি ইউনিয়নে ভোটারসংখ্যা এক লাখ ৯০ হাজার ৪৪৩। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০৬ জন ও সাধারণ সদস্যপদে ৫৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মিছবাহ উদ্দীন আহমদ জানান, দেবীদ্বারে ১ জুন, সদর দক্ষিণ ও বরুড়ায় ৫ জুন, আদর্শ সদর ও বুড়িচংয়ে ৮ জুন, লাকসাম ও মনোহরগঞ্জে ১২ জুন, চৌদ্দগ্রামে ১৫ জুন, নাঙ্গলকোটে ১৯ জুন, ব্রাহ্মণপাড়া ও মেঘনায় ২২ জুন, হোমনা ও তিতাসে ২৫ জুন, চান্দিনায় ২৮ জুন, দাউদকান্দিতে ২ জুলাই এবং মুরাদনগর উপজেলায় ৫ জুলাই ভোট গ্রহণ করা হবে।