কুমিল্লায় ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ২
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে কুমিল্লা-বিবিরবাজার সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আক্কাস আলী মিয়া (৫২)। তাঁর বাড়ি কুমিল্লা শহরতলির পাথরিয়াপাড়া এলাকায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে আজাদ মিয়া কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া দুজন হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার লিটন মিয়া (২৫) ও কুমিল্লার লালমাই এলাকার হৃদয় হোসেন (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় হোসেন ও তাঁর বন্ধু লিটন দেনার দায়ে জর্জরিত। দেনা শোধ করার জন্য তাঁরা আলী আক্কাসের ইজিবাইক ছিনতাই করার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী তাঁরা গত শুক্রবার রাত ১১টায় চকবাজার থেকে আলী আক্কাসের ইজিবাইক ভাড়া নিয়ে বিবিরবাজারের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে বিবিরবাজার বড় রাস্তার মাথায় গিয়ে হৃদয় চালক আলী আক্কাসের শ্বাসনালিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। তখন আলী আক্কাস চিত্কার দেন। এলাকাবাসী তাঁর চিৎকার শুনে এগিয়ে এলে হৃদয় ও লিটন পালিয়ে যান। এর কিছুক্ষণ পরই মারা যান আলী আক্কাস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর পুলিশ ইজিবাইক থেকে একটি সমিতির চাঁদা আদায়ের রসিদ বের করে। ওই রসিদের সূত্র ধরে পুলিশ কুমিল্লা শহরতলির চানপুর এলাকা থেকে হৃদয় ও লিটনকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, গতকাল শনিবার হৃদয় ও লিটনকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। সেখানে তাঁরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে অালী আক্কাসের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।