কুমিল্লায় উত্তম গুহর একক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব চিত্রকর্মই মূর্ত। চোখ জুড়ানো, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা। সবুজের সমারোহ। মানবের মুক্তির জয়গান। তেলরং, অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মাধ্যম, পেপার স্ম্যাশ ও প্রেস ইঙ্কের মাধ্যমে করা এমন ৪৫টি শিল্পকর্ম নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে শিল্পী উত্তম গুহর সপ্তাহব্যাপী সপ্তম একক চিত্র প্রদর্শনী।গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে প্রধান অতিথি কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন ওই প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। প্রদর্শনীতে শুভেচ্ছা কথা বলেন শিল্পী উত্তম গুহ। ওই সময়ে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী অভিনেত্রী চিত্রলেখা গুহ।‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’—স্লোগান নিয়ে ওই প্রদর্শনী শুরু হয়। এতে ‘আমরা সবাই রাজা’, ‘সুরের মূর্ছনা’, ‘রক গার্ডেন’ ও ‘সপ্তমী’ চিত্রকর্মগুলো দর্শককে বেশ আকৃষ্ট করেছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শকের জন্য সেটি উন্মুক্ত থাকবে। শিল্পী উত্তম গুহ বলেন, ‘মূর্ত ছবি আমাকে বেশি টানে। দার্জিলিংয়ে গিয়ে সপ্তমী, রক গার্ডেনসহ বেশ কয়েকটি চিত্রকর্ম এঁকেছি। সপ্তমী ছবি মনে করিয়ে দেয় সাত বীরশ্রেষ্ঠের কথা, সাতই মার্চের কথা। রক গার্ডেনে সবুজের নান্দনিক দৃশ্য তুলে ধরা হয়েছে। আর পুরাকীর্তি চিত্রকর্মে বিভিন্ন আমলের যাপিত জীবনের কথা তুলে ধরা হয়েছে। নিজ শহরে চিত্র প্রদর্শনী করতে পেরে আমি আনন্দিত।’