কুমিল্লায় এ বছরই শুরু হচ্ছে নজরুল ইনস্টিটিউটের কাজ
কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসন। চলতি বছরই কুমিল্লা শহরের ধর্মসাগরপাড়ের ছোটরা মৌজার সোয়া ২৭ শতক জায়গায় ইনস্টিটিউটের কাজ শুরু হবে। গত রোববার নজরুল ইনস্টিটিউটের পরিচালক রশীদ হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণের জন্য কুমিল্লায় সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ওই টাকা দিয়ে প্রথমে তিনতলা ভবন নির্মাণ করা হবে। ভবনে থাকবে উন্মুক্ত মঞ্চ, গ্যালারি, পাঠাগার, সেমিনার কক্ষ, অতিথিশালা ও প্রশিক্ষণ কক্ষ। জেলা প্রশাসক মো. জামাল হোসেইন বলেন, জমি অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি পেলেই কাজ শুরু হবে। ইনস্টিটিউটের পরিচালক রশীদ হায়দার বলেন, ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ওই কাজ শেষ করতে হবে। ভূমি মন্ত্রণালয় অনুমতি দিলেই কাজ শুরু হবে। কুমিল্লার সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা জানান, ১৯২১ সালের এপ্রিল থেকে ১৯২৪ সালের জানুয়ারি পর্যন্ত কবি পাঁচবার কুমিল্লা এসেছিলেন। ওই সময় তিনি ১১ মাস কুমিল্লায় অবস্থান করেন। কিন্তু কবির স্মৃতি ধরে রাখার জন্য কুমিল্লায় কিছুই করা হয়নি। এবার ইনস্টিটিউটের কার্যক্রম বাস্তবায়িত হলে কুমিল্লার মানুষ খুশি হবে।