কুমিল্লায় এক বিজিবি সদস্যসহ নিহত ২
অবরোধ চলাকালে গতকাল মঙ্গলবার কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনী এলাকায় বিজিবির ১০ ব্যাটালিয়নের সদস্য মো. রিপন হোসেন ১৮ দল-সমর্থিত নেতা-কর্মীদের গুলিতে নিহত হয়েছেন। লাকসাম উপজেলায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে দক্ষিণ জেলা ছাত্রদলের কর্মী দেলোয়ার হোসেন অবরোধের সমর্থনে মিছিল করতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান। গতকাল তাঁর লাশ নগরের দক্ষিণ চর্থা এলাকার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ ওই বাসায় গিয়ে দ্রুত লাশ দাফনের নির্দেশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৮-দলীয় জোটের নেতা-কর্মী ও এলাকাবাসী পুলিশের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ তালতলা চৌমুহনী এলাকায় যায়। এ সময় উত্তেজিত লোকজন বিজিবি ও পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়েন। এতে রিপন গুলিবিদ্ধ ও পুলিশের সদস্য মাহমুদুল হাসান আহত হন। পরে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রিপন মারা যান।
এদিকে সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের কর্মীরা লাকসামের দৌলতগঞ্জ বাজারে ৮-১০টি দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশের দুই কর্মকর্তাসহ চার সদস্য একটি ওষুধের দোকানে এবং ওসি পুলিশের আরেকটি দল অপর একটি দোকানে আশ্রয় নেয়। ওই সময় অবরোধকারীরা ওই দোকানগুলো ভাঙচুর করেন। তাঁরা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে অবরোধকারীরা পিছু হটেন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে আবারও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে শটগানের কমপক্ষে ৯৫টি গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক বাবুল মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় পুলিশের পাঁচ কর্মকর্তাসহ কমপক্ষে আরও ৩০ জন আহত হন।