কুমিল্লায় একজনকে গলা কেটে হত্যা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় গতকাল সোমবার মোক্তার হোসেন (৬২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোক্তার হোসেনের দুই ভাতিজা মোস্তাক মিয়া ও মোর্শেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত মোক্তার হোসেনের ভাই মোহাম্মদ হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল আনুমানিক দুপুর ১২টার দিকে জাঙ্গালিয়া গ্রামের বসতঘরে মোক্তারকে মাথায় কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। বেলা একটার দিকে পুলিশ খাটের ওপর মোক্তারের রক্তমাখা দেহ দেখতে পায়। তিনি জানান, পুলিশ ওই বাড়ির বিভিন্ন ঘর তল্লাশি করে। একপর্যায়ে মোক্তারের ভাতিজা মোস্তাক মিয়ার ঘরের বাথ রুম ও মেঝেতে রক্তের ছোপ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক ও মোর্শেদ অসংলগ্ন কথা বলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মোক্তারের স্ত্রী ও সন্তান নেই। তিনি একা থাকতেন। সম্পদের লোভে তাঁকে খুন করা হতে পারে। ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘নিহত মোক্তার কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা ও সম্পদের মালিক। ওই সম্পদের লোভেই তাঁকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।’