কুমিল্লায় এবার কলেজ শিক্ষার্থী খুন
২৭ ঘণ্টার ব্যবধানে কুমিল্লায় আবার হত্যাকাণ্ড ঘটেছে। এবার খুন হয়েছেন একজন কলেজছাত্র। তাঁর নাম আরমান হোসেন (১৮)। আরমান কুমিল্লা শহরের অজিতগুহ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তাঁর বাসা শহরের উত্তর গাংচর মাস্টারপাড়া-সংলগ্ন পুরাতন চৌধুরীপাড়া এলাকায়। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় কুমিল্লা সদর হাসপাতালের সামনের সড়কে পূর্বশত্রুতার জের ধরে সহপাঠীরা আরমানকে ছুরিকাঘাতে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে। একইভাবে গত শুক্রবার বেলা তিনটায় জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবলীগের সভাপতি খোকন সর্দার খুন হন। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, শনিবার সন্ধ্যায় আরমান হোসেন তাঁর সহপাঠী বন্ধু ইমরান, হাসান, শাকিল, ফয়সাল ও ডালিমের সঙ্গে কুমিল্লা সরকারি মহিলা কলেজে এবারের এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস দেখতে যান। এরপর ইমরান ও হাসানের সঙ্গে আরমান মহিলা কলেজের সামনের একটি দোকানে বসে নাশতা করেন। পরে সহপাঠীরা আরমানকে নিয়ে কুমিল্লা সদর হাসপাতাল সড়কের দিকে যান। সেখানে তাঁরা আরমানের তলপেটে ও পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আরমান। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। আরমানের বাবা হোসেন আহমেদ জানান, তাঁর ছেলের সঙ্গে বন্ধুদের বিরোধ রয়েছে। একই সঙ্গে তাঁরা পড়াশোনা করলেও আরমান এবার পরীক্ষার জন্য আবেদন ফরম পূরণ করতে পারেনি। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন। জানতে চাইলে কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান গতকাল শনিবার রাত ১০টায় প্রথম আলোকে বলেন, সামাজিক অস্থিরতা, অবক্ষয় ও তুচ্ছ কারণে প্রতিশোধস্পৃহা থেকে এ দুটি হত্যাকাণ্ড ঘটল। ইমরান ও হাসানসহ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।