কুমিল্লায় এসিড সন্ত্রাস বিরোধী সমাবেশ
‘ঘুরে দাঁড়াবার দিন’ স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লায় এসিড-আক্রান্ত অসহায় নারী, শিশু ও পুরুষেরা সমাবেশ ও শোভাযাত্রা করে। কুমিল্লার বেসরকারি উন্নয়ন সংস্থা এইড-কুমিল্লা ও জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কুমিল্লা জেলা কমিটি ওই অনুষ্ঠানের আয়োজন করে।জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে সকাল নয়টায় শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন মো. শফিকুল ইসলাম, জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব ও সহকারী পুলিশ সুপার এ কে এম মহিউদ্দিন আহমেদ চৌধুরী, এসিড সারভাইভরস ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক জেবুন্নাহার ফেরদৌস, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, উপদেষ্টা শাহ মো. আলমগীর খান, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, সৈয়দ নূরুর রহমান ও মাসুক আলতাফ চৌধুরী।সমাবেশে বুড়িচং উপজেলার এসিডদগ্ধ মাজেদা আক্তার বলেন, ‘১৯৯৮ সালে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় আমাকে এসিড নিক্ষেপ করা হয়। পরে স্বামী বাচ্চাসহ আমাকে ছেড়ে চলে যায়।’ মুরাদনগর উপজেলার রোকসানা আক্তার লিপি বলেন, ‘জায়গা-সম্পত্তির বিরোধ নিয়ে পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় আমার ওপর এসিড ছোড়া হয়।’পরে জেলা প্রশাসক আবদুল মালেক অগ্রাধিকার ভিত্তিতে ১০ জন এসিডদগ্ধকে প্রথম পর্যায়ে ১০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা পুনর্বাসনের জন্য বরাদ্দ দেন।সমাবেশে এসিড সহিংসতা প্রতিরোধে কুমিল্লা জেলার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা মঙ্গলপ্রদীপ জ্বেলে অঙ্গীকার করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।