কুমিল্লায় এসিডদগ্ধদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
কুমিল্লায় এসিডদগ্ধ ২৮ জন নারী, পুরুষ ও শিশুর অংশগ্রহণে আয় বৃদ্ধিমূলক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আদর্শ সদর উপজেলার রঘুপুরে গতকাল বুধবার সকালে ওই কর্মশালার উদ্বোধন করা হয়।বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এইড-কুমিল্লার কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি, কুমিল্লার উপদেষ্টা শাহ মো. আলমগীর খান। বক্তব্য দেন ওই কমিটির সভাপতি দিলনাশি মোহসেন, সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার, এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, এসিডদগ্ধ নারী সাজেদা আক্তার, রহিমা বেগম, তাসলিমা আক্তার প্রমুখ।প্রধান অতিথি মো. মোখলেছুর রহমান বলেন, ‘প্রশিক্ষণ ও অনুদানের অর্থ কাজে লাগিয়ে এসিডদগ্ধদের ঘুরে দাঁড়াতে হবে। আর কারও শরীর এসিডে ঝলসে যাক, এমন দুঃসংবাদ আমরা শুনতে চাই না।’