দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৬ সেনাসদস্যের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন আটটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিরা। গতকাল শুক্রবার সকালে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ওয়ার সেমিট্রি এলাকায় অবস্থিত সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হয়।
নভেম্বর মাসের দ্বিতীয় শুক্রবার যুক্তরাজ্যের হাইকমিশনের উদ্যোগে এই দিবস পালিত হয়। গতকাল বেলা ১১টার দিকে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, জাপান, ভারত, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভারপ্রাপ্ত এরিয়া কমান্ডার ও জিওসি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী শ্রদ্ধা নিবেদন করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ময়নামতি এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের ৭৩৬ জন সামরিক বাহিনীর সদস্য নিহত হন।