কুমিল্লায় ককটেলের আঘাতে কলেজছাত্রী গুরুতর আহত
সন্ত্রাসীদের নিক্ষেপ করা ককটেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কে বি উচ্চবিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা আক্তার (১৭) গুরুতর আহত হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসলিমার বাঁ হাতের তিনটি আঙুল ও পেটের কিছু অংশ ঝলসে গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার উত্তর চান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় উত্তর চান্দলা গ্রামের নান্নু মিয়ার মেয়ে তাসলিমা আক্তার বাড়ির পেছনের পুকুরে গোসল করছিল। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। একপর্যায়ে মেয়েটি আত্মরক্ষার জন্য পানিতে ঝাঁপ দেয়। তাঁর আঙুল ও পেটের কিছু অংশ ঝলসে যায়। ককটেলের বিকট শব্দ পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জাবেদ আহাম্মেদ বলেন, মেয়েটির পেটের কিছু অংশ এবং বাঁ হাতের তালু ও তিনটি আঙুল অনেকটা ঝলসে গেছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা গ্রামে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুই সাধারণ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম ও সুলতান আহমেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ওই ঘটনার জের ধরে রেজাউল করিমের অনুসারীরা সুলতান মিয়ার অনুসারী নান্নু মিয়ার মেয়ের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটায়। ঘটনাস্থল থেকে ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ওসির দাবি, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ওই সন্ত্রাসী হামলা করা হয়েছে। আহত শিক্ষার্থী সুলতান আহমেদের ভাতিজি।
তবে রেজাউল করিম ওই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার অনুসারীকে নির্বাচনের দিন হত্যা করা হয়। এরপর থেকে আমাকে বিপদে ফেলার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বা আমার কর্মীরা এর সঙ্গে জড়িত নই।’
এর আগে গত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন সুলতান আহমেদের অনুসারীরা রেজাউল করিমের সমর্থক তাপস চন্দ্র দাসকে কুপিয়ে হত্যা করেন। এরপর ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়। এ ঘটনার পর সুলতান ও রেজাউলের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।