কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলস্টেশনের অদূরে শ্রীবল্লভপুর নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কনটেইনারবাহী ট্রেনের (৮০৬ নম্বর) দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পৌনে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে কনটেইনারবাহী ট্রেনের বগি দুটি সরালে দুপুর পৌনে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল শুক্রবার সকাল সাতটায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়। কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী ট্রেনটি গতকাল শুক্রবার সকাল ছয়টা ৩৭ মিনিটে কুমিল্লা স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর শ্রীবল্লভপুর এলাকায় এর পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। আর অন্য বগিগুলো ইঞ্জিনসহ চলে যায়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাকবলিত স্থানে রওনা দেয়। দুর্ঘটনার কারণে লালমাই রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী, কুমিল্লা রেলস্টেশনে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস, রসুলপুর স্টেশনে নোয়াখালীগামী উপকূল ও শশীদল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন চারটি আটকা পড়ে।