কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ১৫ মিনিটের ব্যবধানে দুজনের মৃত্যু

কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ১৫ মিনিটের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুজন মারা গেছেন। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান আজ সোমবার সকালে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে আইসিইউতে গতকাল রোববার রাতে দুজন মারা যান। এর মধ্যে কুমিল্লার লাকসাম উপজেলার ৬০ বছরের এক ব্যক্তি রাত সোয়া ১১টার দিকে মারা যান। তিনি গতকালই ভর্তি হয়েছিলেন। এ ছাড়া লালমাই উপজেলার ১৮ বছরের এক তরুণী রাত সাড়ে ১১টার দিকে মারা যান। তিনিও গতকালই হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে এই হাসপাতালে রোগী ভর্তি আছেন ১৩২ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, কোভিড ওয়ার্ডে ৭০ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ৫২ জন। এ নিয়ে এই হাসপাতালে ৩৩ দিনে ১৮০ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ২৯ জন এবং করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১৫১ জন।