বিদ্যুৎ শ্রমিক লীগ নেতার ওপর হামলা
কুমিল্লায় কর্মচারীদের ‘অঘোষিত’ কর্মবিরতি, গ্রাহকদের ভোগান্তি
কুমিল্লায় বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা মো. আবদুল কাইয়ুমকে ছুরিকাঘাতের প্রতিবাদে কর্মচারীরা দুই দিন ধরে ‘অঘোষিত’ কর্মবিরতি পালন করছেন। এতে জেলার বিদ্যুৎ বিতরণব্যবস্থা ভেঙে পড়েছে। নগরের বিভিন্ন এলাকায় বিকল হয়ে যাওয়া ট্রান্সফরমার ও ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত না করায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক। জেলা শ্রমিক লীগ সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে কুমিল্লার জাঙ্গালিয়া বিদ্যুৎ ভবনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কুমিল্লা শাখার সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুমসহ তিন কর্মচারীকে সংগঠনের অপরাংশের নেতা জহিরুল ইসলামের অনুসারীরা ছুরিকাঘাত করেন। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় কাইয়ুমের অনুসারী সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু পুলিশ গত তিন দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে কুমিল্লার ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মচারীরা বুধবার থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেন।সরেজমিনে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের চকবাজার রূপালী সিনেমা হলের সামনের ও মোগলটুলি এলাকার ট্রান্সফরমার দুটি বিকল হয়ে আছে। তার ছিঁড়ে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিদ্যুৎ নেই নগরের ঠাকুরপাড়ায়। চকবাজারের ব্যবসায়ী ফজলু মিয়া বলেন, তিন দিন ধরে ট্রান্সফরমার নষ্ট। কিন্তু বিদ্যুৎ বিভাগের কেউ মেরামত করতে আসছেন না। ঠাকুরপাড়ার বদরুল হুদা বলেন, বৃহস্পতিবার ভোর থেকেই বাসায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ শ্রমিকদের কর্মবিরতি চলায় লাইন মেরামত হচ্ছে না। এদিকে বিদ্যুৎ শ্রমিক লীগের নেতা কাইয়ুম বলেন, ‘আমিসহ সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা হয়। তিন দিন পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। এর প্রতিবাদে কেবল কুমিল্লা নয়, বৃহত্তর নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও “অঘোষিত” কর্মবিরতি চলছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’বিদ্যুৎ উন্নয়ন বিভাগ কুমিল্লার প্রধান প্রকৌশলী মো. সোলায়মান বলেন, ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করা হয়েছে। গতকাল প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা পারেনি। বিষয়টি স্থানীয় সাংসদ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এদিকে গতকাল বিকেলে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ শ্রমীক লীগের নেতা কাইয়ুমকে দেখতে যান বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ করেন।