কুমিল্লায় কলেজশিক্ষক হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
কুমিল্লা শহরের ভাটপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মশিউল আলম হত্যা মামলার অন্যতম আসামি বিশালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর সংলগ্ন একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হলো। কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সোনালী হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে বিশালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়ায়। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র ব্যবহার, সন্ত্রাসী কার্যক্রম ও ছিনতাইয়ের অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘হত্যাকাণ্ডের পর অন্য আসামিরা আত্মগোপন করেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের মৌলভীপাড়া চৌমুহনী এলাকায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে কলেজ শিক্ষক এ কে এম মশিউল আলমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কুমিল্লা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আকছিরুল বাশারকে প্রধান আসামি করে মামলা করেন নিহত মশিউল আলমের স্ত্রী শাহনাজ পারভীন। ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলাটি করা হয়। প্রধান আসামি বাশার পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা ও তিনটি জিডি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।