কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে পুলিশ বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে কাউন্সিলরের সমর্থকেরা নগরের পুলিশ লাইন-শাসনগাছা সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাত ১০টার দিকে নগরের রেসকোর্স এলাকার একটি ওষুধের দোকানের সামনে একটি মুঠোফোন নিয়ে সাদা পোশাকধারী এক পুলিশ কনস্টেবলের সঙ্গে স্থানীয় এক যুবকের বাগিবতণ্ডা হয়। কিছুক্ষণ পর কুমিল্লা পুলিশ লাইন থেকে একদল সাদা পোশাকধারী পুলিশ এসে ওষুধ দোকানের মালিক এনামুল হককে টানা-হিঁচড়া করে। খবর পেয়ে ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার কথা বলেন। এ সময় পুলিশ কাউন্সিলর জাবেদ, এনামুল হক ও স্থানীয় যুবক সুমন মিয়াকে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে এলাকাবাসী রেসকোর্স থেকে মিছিল নিয়ে পুলিশ লাইন মোড়ে আসে। একপর্যায়ে পুলিশ তাদের পিটুনি দেয়। তখন উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। সেখানে পুলিশ দ্বিতীয় দফা কাউন্সিলর জাবেদকে পিটুনি দেয়। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। পরে রাত সোয়া ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ওই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘আমরা তদন্ত কমিটির দিকে তাকিয়ে আছি। মঙ্গলবারের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’