বিদ্যুৎ গ্রাহকের ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর কৃষি ব্যাংকের ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদকে (৫৪) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত একটায় ময়নামতি সেনানিবাস-সংলগ্ন কুমিল্লার বুড়িচং উপজেলার অলিপুর এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার দড়ানিপাড়া গ্রামে। দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ বলেন, মাছিমপুরে কৃষি ব্যাংকের শাখায় স্থানীয় গ্রাহকেরা বিদ্যুৎ বিল দিতেন। ব্যাংকের ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদ গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা নিয়ে সেগুলো ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। দুদক এমন অভিযোগ পেয়ে এ বিষয়ে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তেই বিষয়টি প্রমাণিত হয়।
আবুল কালাম আজাদ বলেন, ‘গত বছরের ৮ ডিসেম্বর কুমিল্লার তিতাস থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করি। দীর্ঘদিন যাবৎ ওই ব্যক্তি পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তিনি ভাড়া বাড়িতে আছেন, ওই খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করি।’
কৃষি ব্যাংকের ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদকে পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়। আজ শুক্রবার বিকেলে তাঁকে কুমিল্লার একটি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।