কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে সংক্রমিত ছয়জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে অবস্থিত কোভিড-১৯ হাসপাতালে গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত মারা গেছেন। হাসপাতালের চিকিৎসক মো. মুজিবুর রহমান সকালে বিষয়টি নিশ্চিত করেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার ৯৬ বছরের একজন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দেবীপুর গ্রামের ৮৫ বছরের একজন, চাঁদপুর জেলার হাজীগঞ্জের ৮০ বছরের একজন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৭০ বছরের একজন, কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার ৬৫ বছরের একজন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৩৪ বছরের একজন।

এই কোভিড-১৯ হাসপাতালে বর্তমানে ১২১ জন ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১০ জন, করোনা ওয়ার্ডে ৩৮ জন এবং আইসোলেশন সেন্টারে ৭৩ জন।

ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান বলেন, ‘আমরা করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের বাঁচানো সম্ভব হচ্ছে না।’