ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল মঙ্গলবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের ছাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজের শিক্ষার্থীরা গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ওই মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।ওই সময় শত শত যানবাহন মহাসড়কের উভয় দিকে আটকা পড়ে। পরে পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ প্রশাসনের সঙ্গে সমঝোতার পর অবরোধ তুলে নেওয়া হয়।কলেজের শিক্ষার্থী রাইসুল ইসলাম, আবদুল কাদের, গোলাম সারোয়ার, নিগার সুলতানা ও এ টি এম হেদায়েতুল ইসলাম জানান, বুড়িচং উপজেলার কাবিলা কলেজ ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে ছিলেন দ্বিতীয় বর্ষের ছাত্রী আফরিনা সিদ্দিক। এ সময় ঢাকাগামী সাদা রঙের একটি প্রাইভেট কার বাঁ দিক থেকে ওভারটেক করে তাঁকে আঘাত করে। প্রাইভেট কারের চালক দ্রুত পালিয়ে যান। আহত ছাত্রীকে কলেজের হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনার পর শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অবিলম্বে কলেজ ক্যাম্পাসের পূর্বাংশ ও পশ্চিমাংশে মহাসড়কের ওপর গতিরোধক নির্মাণ, বাসস্ট্যান্ড স্থাপন, রাস্তার পাশে কলেজ অংশে যাত্রীছাউনি নির্মাণ, রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ নির্মাণের ব্যবস্থা এবং কলেজসংলগ্ন এলাকায় যানবাহনের গতিসীমা ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারে নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম ও কলেজের উপাধ্যক্ষ গোলাম সামদানী বলেন, ‘কলেজের সামনের মহাসড়কে গতিরোধক না থাকলে দুর্ঘটনার হার বাড়বে। আমরা উত্তেজিত শিক্ষার্থীদের নিবৃত্ত করার পর তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।’