কুমিল্লায় গৃহবধূ খুন, লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ
কুমিল্লার মনোহরগঞ্জে চোরের ছুরিকাঘাতে শিউলি বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন৷ এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে আমেনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে চোরের ছুরিকাঘাতে শিউলি বেগম নিহত হন৷ তিনি হাতিমারা গ্রামের বাহরাইনপ্রবাসী আবদুল হান্নানের স্ত্রী। এ ঘটনায় দিদার হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে প্রবাসী হান্নানের ঘরে একদল চোর ঢোকে৷ এ সময় শিউলি জেগে গেলে এক চোর তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে চোরেরা পালিয়ে যায়। আহত শিউলিকে প্রথমে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল সেখানে তিনি মারা যান।
গ্রামের জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও ফজলুল হক বলেন, দিদার গ্রামের আবুল হাশেমের ছেলে। হাসপাতালে নেওয়ার পথে শিউলি হামলাকারী দিদারের নাম বলে গেছেন। তা ছাড়া নিহতের তিন শিশুসন্তানও দিদারকে দেখেছে বলে জানিয়েছে৷
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পূর্ব আঙ্গারপাড়া গ্রামে মঙ্গলবার রাতে যৌতুকের দাবিতে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমেনা বেগমকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এ ব্যাপারে নিহতের ভাই খলিলুর রহমান রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ পরে পুলিশ নিহতের শ্বশুর আবদুল মন্নান ও শাশুড়ি ফাতেমা বেগমকে গ্রেপ্তার করে৷
নিহতের পরিবার ও কয়েকজন প্রতিবেশী জানান, পূর্ব আঙ্গারপাড়ার মন্নানের ছেলে মোতালেব হোসেন পাটোয়ারী যৌতুকের টাকার জন্য প্রায়ই স্ত্রী আমেনাকে মারধর করতেন৷ এ নিয়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়৷ মঙ্গলবার রাতেও আমেনাকে মারধর করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন৷ একপর্যায়ে তিনি মারা গেলে মোতালেব ও তাঁর বোন পালিয়ে যান৷ সকালে নিহতের শ্বশুর-শাশুড়ি আমেনা আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন৷
থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে হত্যার সত্যতা পাওয়া যাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে৷