কুমিল্লায় গ্যাস-সংকট নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কার্যালয়ের সামনে গতকাল প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে নানা শ্রেণি–পেশার কয়েক শ লোক এ কর্মসূচিতে অংশ নেন l ছবি: প্রথম আলো
কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কার্যালয়ের সামনে গতকাল প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে নানা শ্রেণি–পেশার কয়েক শ লোক এ কর্মসূচিতে অংশ নেন l ছবি: প্রথম আলো

গ্যাস-সংকট নিরসনের দাবিতে গতকাল রোববার বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কার্যালয়ের সামনে কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নাগরিকেরা প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করেছেন।
বিজিডিসিএলের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) আবুল বাশার বলেন, কুমিল্লায় প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। পাওয়া যাচ্ছে ৩০ মিলিয়ন ঘনফুট। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে গ্যাসের সংকট দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় বিজিডিসিএলের দপ্তরের সামনে কয়েক শ নারী ও পুরুষ পদযাত্রা করে আসেন। তাঁরা অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার দাবি জানান। পদযাত্রায় অংশ নেওয়া মাহফুজা আক্তার, রেহানা বেগম, জাকির হোসেন ও শহীদুল হক বলেন, সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাস থাকে না।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা নগরের বাগিচাগাঁও, অশোকতলা, বিষ্ণুপুর, সুজানগর, কালিয়াজুরি, হিরাপুর, সংরাইশ, রেসকোর্স, রাজাপুর, নেউরা, ঢুলীপাড়া এলাকায় দুই বছর ধরে শীতকালে গ্যাসের চাপ কম থাকে। দুই মাস ধরে এসব এলাকায় গ্যাস থাকছে না। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
পশ্চিম বাগিচাগাঁও এলাকার ফেরদৌস জাহান বলেন, গ্যাস না থাকায় সকালে নাশতা না করে অফিসে গিয়েছি। দুপুরেও গ্যাস আসেনি। বাচ্চার খাবারও তৈরি করা যায়নি। এমন অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি চাই।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নিজামুল হাসান শেরীফ বলেন, শীতে গ্যাসের চাপ কমে। তার ওপর পাইপলাইনে ত্রুটি রয়েছে। নতুন করে গৃহস্থালি, শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেওয়ায় গ্রাহক বেড়েছে। কিন্তু সারা দেশেই গ্যাসের উৎপাদন কমে গেছে। দ্রুত এ সংকট নিরসনের চেষ্টা করা হচ্ছে।