কুমিল্লায় গ্রাহকদের আড়াই কোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করুন এবং জিতে নিন একটি ল্যাপটপ’। বহুধাপ বিপণন (এমএলএম) কোম্পানির গ্রাহক করতে এমন চটকদার বিজ্ঞাপন দিয়েছিলেন কুমিল্লার এক ব্যক্তি। তাঁর ব্যবসায়ে বিনিয়োগের জন্য দেখিয়েছিলেন অতি মুনাফার লোভ। সেই ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন ১১ জন বিনিয়োগকারী ও এক হাজার ৭০০ জন গ্রাহক। তাঁদের কাছ থেকে দুই কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা কবির হোসেন নামের এক ব্যক্তি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের পর বর্তমানে কবির কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। এ ব্যাপারে গত ২৪ অক্টোবর কবির (৩৭), তাঁর স্ত্রী (৩০) ও স্ত্রীর বড় ভাই কামাল হোসেনের (৪২) বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের জাহিদুল ইসলাম।অনুসন্ধানে জানা গেছে, কবিরের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বরকোট ইউনিয়নের পিহর গোবিন্দপুরে। ২০০৮ সালে তিনি কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার ইস্টার্ন ইয়াকুব প্লাজার পঞ্চম তলায় ছেলের নামে প্রান্ত ডট নেট প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ বাবদ ১১ জনের কাছ থেকে নেন দুই কোটি ৩৪ লাখ টাকা। এ জন্য বিনিয়োগকারীদের সঙ্গে বিভিন্ন অঙ্কের রাজস্ব স্ট্যাম্পে চুক্তিও করেন কবির। এর মধ্যে ২০১১ সালের ২৫ নভেম্বর বুড়িচংয়ের কোরপাই গ্রামের জাহিদুল ২৬ লাখ ৩০ হাজার টাকা, তাঁর স্ত্রী দুই লাখ টাকা, ইতালিপ্রবাসী বড় ভাই জহিরুল ইসলাম ২৩ লাখ টাকা, খালাতো বোন ১৪ লাখ ৬০ হাজার টাকা ও শ্বশুর মো. শাহজাহান ১৪ লাখ টাকা দেন কবিরকে। অর্থাৎ জাহিদুল ও তাঁর বিভিন্ন স্বজনের কাছ থেকে কবির হাতিয়ে নেন ৭৯ লাখ ৯০ হাজার টাকা। অনুসন্ধানে জানা যায়, ওই বছরের ১২ ডিসেম্বর মুরাদনগর উপজেলার খরুইল গ্রামের রাকিব বিন লতিফের কাছ থেকে ৩৯ লাখ ৫০ হাজার টাকা নেন কবির। গত ২ মে তিনি বরুড়া উপজেলার শোলাপুকুরিয়া গ্রামের তানভীর হোসাইন ভূঁইয়ার কাছ থেকে ২৫ লাখ টাকা, ঝলম গ্রামের আবুল বাশার মিয়াজীর কাছ থেকে ১৬ লাখ টাকা ও বড় লক্ষ্মীপুর গ্রামের আবুল বাশারের কাছ থেকে ২৪ লাখ টাকা, সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আরিফুর রহমানের কাছ থেকে ১২ লাখ টাকা ও বুড়িচং উপজেলার বাড়াইল গ্রামের মো. সেলিমের কাছ সাত লাখ টাকা নেন। এ ছাড়া কবির ‘ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে টাকা উপার্জন করতে পারবেন’—কথা বলে বহুধাপ বিপণন পদ্ধতিতে এক হাজার ৭০০ জনকে গ্রাহক করেন। তাঁদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার ৯০০ টাকা করে মোট ৪৯ লাখ ৩০ হাজার টাকা নেন।প্রতারণার শিকার জাহিদুল ইসলাম বলেন, “ব্যবসায় বিনিয়োগের জন্য কবিরকে আমরা পাঁচজন ৭৯ লাখ ৯০ হাজার টাকা দিয়েছি। টাকা ফেরত চাইলে ‘দেই, দিচ্ছি’ করে আর দেননি। একসময় চেক দিলেও তাঁর ব্যাংক হিসাবে ওই টাকা ছিল না। এ জন্য একাধিক সালিসও হয়েছে। একপর্যায়ে বিষয়টি পুলিশ সুপারকে জানালে গত ২৩ অক্টোবর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।”জাহিদুল বলেন, ‘প্রবাসী ও তাঁদের স্বজনদের কাছ থেকে টাকা নিতেন কবির। আমরা টাকা ফেরত চাই। টাকা নেওয়ার সব ধরনের প্রমাণ আমাদের কাছে রয়েছে।’বিনিয়োগকারী আবুল বাশার, আরিফুর রহমান ও মো. সেলিম অভিযোগ করেন, ‘কবির আমাদের টাকা তাঁর ভগ্নিপতি আবদুর রহমান, স্ত্রীর বড় ভাই জালাল উদ্দিন ও কামাল হোসেন এবং মো. মহসিন আজাদ নামের এক ব্যক্তির কাছে জমা রেখেছেন। কিছু টাকা বিদেশেও পাচার করেছেন।’এ প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কবির আমার ভগ্নিপতি এটা সত্য। কিন্তু ওই ব্যবসার সঙ্গে আমি জড়িত নই। আমার কাছে তাঁর কোনো টাকা জমা নেই। বিনিয়োগকারীরা আমাকে ও আমার ভাইকে ওই ঘটনায় জড়াতে চান। কবির বর্তমানে কারাগারে। এর বেশি তথ্য আমি জানি না।’কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন খন্দকার বলেন, কবিরের বিরুদ্ধে গ্রাহকদের আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।