কুমিল্লায় গ্রেপ্তার দুই জঙ্গির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর
কুমিল্লার চান্দিনায় গ্রেপ্তার দুই জঙ্গিকে সীতাকুণ্ড থানার সন্ত্রাসবিরোধী আইনের দুটিসহ তিন মামলায় জিজ্ঞাসাবাদ করতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইউসুফ শুনানি শেষে এ আদেশ দেন।
দুই জঙ্গি হলেন মো. হাসান ও আহমেদ ইমতিয়াজ ওরফে জসিম।
গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ বাসে তল্লাশি চালাতে গেলে দ্রুত বাস থেকে নেমে যান ওই দুই জঙ্গি। একপর্যায়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারেন। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।
১৫ মার্চ সীতাকুণ্ডের আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয় জহুরুল হক ও রাজিয়া সুলতানাকে। এ ঘটনায় অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘সাধন কুটির’ থেকে এক কিলোমিটার দূরে প্রেমতলা এলাকায় ‘ছায়ানীড়’ নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ওই অভিযানে আত্মঘাতী হামলায় মারা যান এক নারীসহ চার জঙ্গি এবং এক শিশু। এ ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থানার সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলা এবং একটি হত্যা মামলায় ১৫ দিন করে ৪৫ দিনের রিমান্ডের আবেদন করেন সীতাকুণ্ড থানার পুলিশ। একই সঙ্গে দুই জঙ্গিকে ওই তিন মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় পাঁচ দিন করে ১০ দিন এবং হত্যা মামলায় চার দিনসহ মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে আদালতে জঙ্গিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিকেলে সীতাকুণ্ড থানার পুলিশ তাঁদের নিয়ে যায়।