কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় ভিক্টোরিয়া সরকারি কলেজের এক নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সংগঠনের চার নেতা জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।মুক্তি পাওয়া ব্যক্তিরা হলেন: কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবির, জেলা ছাত্রদলের সদস্য মহিউদ্দিন, মহরম মিয়া ও মো. সুজন। তাঁরা সবাই কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের সমর্থক।কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. কাইমুল হক বলেন, গত বুধবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ এ আর মাসউদের আদালতে ছয় আসামির জামিনের আবেদন করা হয়। আদালত ছাত্রদলের ওই চার নেতার জামিন মঞ্জুর করেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা ও শহর ছাত্রদলের একাংশের যুগ্ম আহ্বায়ক রোমান হাসানের জামিন মঞ্জুর হয়নি।