কুমিল্লায় চার বোমা নিষ্ক্রিয় করলেন ক্রাইম সিনের সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় পুলিশের ওপর বোমা নিক্ষেপের ঘটনার পর আজ মঙ্গলবার বিকেলে পুলিশের ক্রাইম সিনের সদস্যরা এসে চারটি বোমা নিষ্ক্রিয় করেন। আহত দুই জঙ্গিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারারক্ষী ওয়ার্ডে চিকিত্সার জন্য বিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দাবি করছে, তাঁরা জঙ্গি ও জেএমবির সক্রিয় সদস্য।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে নেমে পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে দুই কথিত ‘জঙ্গি’ জসিম উদ্দিন (২৪) ও মো. হাসান (২২)। এ সময় পুলিশের গুলিতে জসিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে আহত হন ও হাসানকে মারধর করে আটক করে জনতা। আজ বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
মহাসড়ক পুলিশের দাউদকান্দির ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর এলাকা দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো-ব-১৪-৪৬৬১) যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় মহাসড়ক পুলিশের সদস্যরা গতি নির্ণয় ও তল্লাশি চালানোর জন্য মহাসড়কের দক্ষিণ পাশে বাসটি থামায়। একপর্যায়ে পুলিশের সদস্য সার্জেন্ট গোলাম মোস্তফা তল্লাশি করতে বাসে উঠতে গেলে দুই জঙ্গি জসিম উদ্দিন ও মো. হাসান দুটি স্কুল ব্যাগ নিয়ে বাস থেকে নেমে দৌড় দেন। তখন পুলিশও তাঁদের পিছু নেয়। একপর্যায়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ করে প্রথমে একটি এবং পরে আরও পাঁচটি বোমা নিক্ষেপ করে। কিন্তু বোমাগুলো বিস্ফোরিত হয়নি। যে কারণে কেউ হতাহত হননি। পরে পুলিশ ও এলাকাবাসী সংগঠিত হয়ে জঙ্গিদের ধাওয়া করে। এ সময় জঙ্গিরা মহাসড়কের উত্তর পাশে ধানিজমির মধ্য দিয়ে দেবীদ্বার উপজেলার খাদঘর মসজিদের সামনে যায়। তখন পুলিশ ২৪টি শটগানের গুলি ছোড়ে। এ সময় জসিম উদ্দিনের শরীরে গুলি লাগে। আর হাসানকে এলাকার লোকজন ধরে ফেলে। এ সময় একটি ছুরিও উদ্ধার করা হয়।
এদিকে বিকেলে খবর পেয়ে মহাসড়ক (হাইওয়ে) পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের মহাসড়ক পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা ও থানা-পুলিশের সদস্য, ঢাকা মহানগর ডিএমপির গোয়েন্দা বিভাগের বোম নিষ্ক্রিয় শাখার সদস্য ও ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
বিকেল সোয়া পাঁচটায় কুটুম্বপুর এলাকায় মহাসড়কের পাশে তিনটি এবং দেবীদ্বার উপজেলার খাদঘর এলাকার ধানিজমিতে একটি বোমা নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিপুলসংখ্যক উত্সুক জনতা ভিড় করেন। তখন কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অপর দুটি বোমা মহাসড়কের পাশের খাদের পানিতে পড়ে।
এ প্রসঙ্গে ডিআইজি আতিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ কোনো গোষ্ঠী নির্দিষ্ট কোনো কাজের জন্য ওই বোমা বহন করছিল। এরা যে জঙ্গি, এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সরেজমিনে আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে কুটুম্বপুর এলাকায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মহাসড়কের দক্ষিণ পাশে পানিভর্তি খাদ। এর পূর্বে কুটুম্বপুর গ্রামের বসতি। আর পশ্চিম-উত্তরে দেবীদ্বার উপজেলার খাদঘর গ্রাম। ওই গ্রামের মসজিদের পূর্ব পাশের ধানিজমির পাড় থেকে দুজনকে আটক করা হয়।