
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন সম্প্রসারণে দুটি প্যাকেজের কাজ চার মাস ধরে একেবারেই বন্ধ রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলে গত অক্টোবর মাস থেকে কাজ করছে না চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন লিমিটেড। তবে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন প্রকল্প ব্যবস্থাপক।
চার লেনের কাজের জন্য মহাসড়কে যানজটের পাশাপাশি জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। মহাসড়কে উড়ছে বালু। এ অবস্থায় চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে চার দফা ওই কাজের সময় বাড়ানো হলো।
চার লেন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রকৌশলী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন সম্প্রসারণ কাজে কুমিল্লা অংশে চারটি প্যাকেজ রয়েছে। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে চান্দিনা উপজেলার কুটম্বপুর পর্যন্ত ২১ কিলোমিটার এলাকা ১ নম্বর প্যাকেজের অধীনে। ওই কাজ পেয়েছে দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশন। ইতিমধ্যে ওই অংশের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। একই সঙ্গে প্রায় ১০ কিলোমিটার মহাসড়ক কার্পেটিং করা হয়েছে।
অন্যদিকে কুটম্বপুর থেকে চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা পর্যন্ত তিনটি প্যাকেজের কাজ পেয়েছে সিনো হাইড্রো করপোরেশন। এর মধ্যে ২ নম্বর প্যাকেজের সীমানা কুটম্বপুর থেকে আদর্শ সদর উপজেলার আলেখারচর মিয়ামি হোটেল পর্যন্ত এবং ৩ নম্বর প্যাকেজ আলেখারচর থেকে চৌদ্দগ্রামের মিয়াবাজারের হোটেল হাইওয়ে ইন পর্যন্ত। ওই দুটি প্যাকেজের আওতায় ৪২ কিলোমিটার সড়কে মাটি ভরাট, বেইসকোর্স, সাববেইজসহ মাত্র ২৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু ২০১৩ সালের অক্টোবর মাস থেকে চীনা প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজের কাজ বন্ধ রেখেছে। এর আগেও ২০১২ সালের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত তারা কাজ বন্ধ রাখে। তবে মিয়াবাজার থেকে বাতিশা পর্যন্ত চার নম্বর প্যাকেজের কাজ ধীরগতিতে করছে প্রতিষ্ঠানটি।
সরেজমিনে গত বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা গেছে, সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় মাটির স্তূপ বালুতে রূপান্তরিত হয়েছে। সুয়াগাজী এলাকায় ভরাট মাটির মধ্যে বৃক্ষরাজি ও পত্রপল্লব বাসা বেঁধেছে। সদর দক্ষিণ উপজেলা পরিষদের সামনে চার লেনের মাটির মধ্যে ঘাস উঠেছে। ওই জায়গায় গরুর পাল ঘাস খাচ্ছে।
প্যাকেজ-৩-এর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাসুম সারোয়ার বলেন, চার মাসের বেশি সময় ধরে প্যাকেজ-২ ও ৩-এর সব কাজ বন্ধ রেখেছে চীনা প্রতিষ্ঠানটি। আগামী সেপ্টেম্বর মাসে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। তবে চীনা প্রতিষ্ঠানটি বলছে আগামী সপ্তাহে কাজ শুরু করবে।
গত ২৩ জানুয়ারি বিকেলে মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শন করতে আসেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
কাজে ধীর গতি প্রসঙ্গে তিনি বলেন, ‘চীনের সিনো হাইড্রো লিমিটেডকে দেওয়া চারটি কাজে অগ্রগতি কম। রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশিরা কাজ করতে পারেনি। শিগগিরই ওই কাজে অগ্রগতি আসবে। এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। কাজেই চার লেনের প্রকল্প নিয়ে আমার যথেষ্ট আন্তরিকতা রয়েছে।’