কুমিল্লায় চিকিৎসকদের কর্মবিরতি ২৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখা ২৮ মার্চ চিকিৎসকদের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার কুমিল্লা শহরের কান্দিরপাড়ের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া।সংবাদ সম্মেলনে বলা হয়, কর্মবিরতির সময় কুমিল্লা জেলার ১৬টি উপজেলার সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল, স্বাস্থ্যপ্রতিষ্ঠান ও ক্লিনিকে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে। ওই সময় কোনো চিকিৎসক বাসা, চেম্বার, ক্লিনিক, ফার্মেসি কিংবা অন্যত্র গিয়ে চিকিৎসাসেবা দিতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী। এ সময় বিএমএর সভাপতি মো. শহীদুল্লাহ, সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক আবদুল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা শহরের বাদুড়তলা এলাকার সিডি প্যাথ নামের বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন মৃতের স্বজনেরা হাসপাতালের চিকিৎসক মো. নাজমুল হাসানের ওপর হামলা চালায়। ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়। তবে মামলার আসামিরা গতকাল পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।