কুমিল্লা সদর হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক মনিরুজ্জামান ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা জিয়াউর রহমানের ওপর রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে গতকাল শনিবার কুমিল্লা নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কুমিল্লা জেলা বিএমএর উদ্যোগে দুপুর ১২টায় নগরের সদর হাসপাতাল আঙিনা থেকে কয়েক শ চিকিৎসক ওই ঘটনার বিচার দাবি করে মিছিল নিয়ে বের হন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড়ের টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। পরে টাউন হল মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হাবিব আবদুল্লাহ, কুমিল্লার সিভিল সার্জন আবুল কালাম সিদ্দিক, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা বিএমএর সাবেক সভাপতি মো. শহীদুল্লাহ ও ইকবাল আনোয়ার, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক আবদুল বাকী আনিছ, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ কে এ মান্নান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে কর্মক্ষেত্রে সব চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মস্থলে পর্যাপ্ত ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) থাকতে হবে। হাসপাতাল ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এদিকে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার চিকিৎসকেরা আজ রোববার দুপুরে জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া ও জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর কাছে স্মারকলিপি দেবেন। এক রোগীকে আরও কিছুদিন শয্যায় রাখার দাবিতে গত ২৭ মে দুপুরে কুমিল্লা সদর হাসপাতালে মনিরুজ্জামানকে এবং ২৮ মে দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত চিকিৎসার দাবিতে জিয়াউর রহমানকে সন্ত্রাসীরা মারধর করে। ওই ঘটনায় উভয় চিকিৎসক কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ ঘটনা দুটিতে জড়িত সন্দেহে এ পর্যন্ত নগরের দক্ষিণ চর্থা এলাকার সুজন মিয়া, বালুতুপা এলাকার ইসমাইল হোসেন ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ।