কুমিল্লায় চেইন টেনে ট্রেন থামানো বন্ধে আজ থেকে অভিযান
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা-আখাউড়া সেকশনে আজ সোমবার থেকে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ওই এলাকায় চেইন টেনে (ভ্যাকুয়াম খুলে) ট্রেন থামিয়ে চোরাচালানের পণ্য তোলা বন্ধে এই অভিযান শুরু হচ্ছে।জানা গেছে, অভিযানে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সঙ্গে রেলওয়ে পুলিশ, সংশ্লিষ্ট এলাকার জেলা পুলিশ, বিডিআর এবং র্যাবকে সম্পৃক্ত করা হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, ‘সম্প্রতি রেলের আখাউড়া ও গঙ্গাসাগর স্টেশনের মাঝামাঝি অনির্ধারিত জায়গায় ট্রেন থামিয়ে চোরাচালানের পণ্য তোলার ঘটনা বেড়েছে। রাতে চলাচলকারী ট্রেনে এ ঘটনা বেশি ঘটে। ভারতীয় সীমান্তসংলগ্ন ওই জায়গায় চোরাচালানের ফেনসিডিল, শাড়ি, মসলাজাতীয় দ্রব্যসামগ্রী ট্রেনে তুলে ঢাকা ও চট্টগ্রামে পাচার করা হয়।গত ২ ডিসেম্বর রাত সাড়ে তিনটায় ওই এলাকায় চোরাকারবারিরা চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল এবং কিছুক্ষণ পর ঢাকাগামী ঢাকা মেইল থামিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চোরাই পণ্য তোলে। এ সময় চট্টগ্রামগামী ট্রেনের যাত্রী ছিলেন রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক মো. আবু তাহের। পরে মহাব্যবস্থাপকের নির্দেশে চোরাচালানিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘এ জন্য আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করেছি।’