কুমিল্লায় ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে উত্তেজনা, বিক্ষোভ
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুর ও রাতে দুই দফা বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ওই ঘটনায় শহরের কান্দিরপাড়ে অবস্থিত জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ মো. মুজিবুল হকের ব্যক্তিগত কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেন প্রতিপক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে শহরের কান্দিরপাড় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে গত ২০ জুন দুটি পক্ষ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জমা দেয়। এতে বর্তমান কমিটির সভাপতি কবিরুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু দুজনের নাম পাঠান। অন্যদিকে ছাত্রলীগের কর্মী রোকন উদ্দিনের নেতৃত্বে আলাদা নাম জমা দেওয়া হয়। এ অবস্থায় রোকনের অনুসারীরা গতকাল রোববার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও শহরের কান্দিরপাড়ে অছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে। তখন তাদের হাতে কবির-মিঠু পক্ষের দুই কর্মী কলেজের কলাভবনের সামনে ছুরির আঘাতে আহত হন। এ সময় কবির-মিঠুর সমর্থকদের কলেজ থেকে ধাওয়া করে বিতাড়িত করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কান্দিরপাড়ে একই পক্ষের অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা হঠাৎ করে এসেই হুইপ মুজিবুল হকের কার্যালয়ের সাইনবোর্ড নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। ততক্ষণে তারা পালিয়ে যায়।এ ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘আমরা সব উপজেলা ও শাখা কমিটির মতামত নিয়ে কমিটি জমা দিয়েছি। ওরা কমিটিতে আসতে পারবে না বলে ওই হাঙ্গামা করেছে।’ছাত্রলীগকর্মী রোকন উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন পদবঞ্চিত ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অছাত্র ও বুড়োদের ঠেকানোর জন্য ওই বিক্ষোভ মিছিল করে। আমরা সাইনবোর্ড সরাইনি।’কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ছাত্রলীগের কমিটি নিয়ে এ অস্থিরতা। এ জন্য শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।