কুমিল্লায় ছাত্রলীগের নেতা সন্ত্রাসী হামলায় আহত
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে আটটায় নগরের কান্দিরপাড়ের সমবায় ব্যাংক ভবনের নিচতলার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জালালকে প্রথমে নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রোববার জালালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দলীয় নেতা-কর্মীরা জানান, কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রলীগের বিবদমান কয়েকটি পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছে। এর জের ধরে শনিবার রাতে নগরের কান্দিরপাড় এলাকায় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেলের অনুসারী ছাত্রলীগের কর্মী শাহেদ হোসেনের ওপর হামলা চালায় একটি পক্ষ। খবর পেয়ে রাসেলের অনুসারী ১০ থেকে ১৫ জন কর্মী ঘটনাস্থলে হাজির হয়ে হঠাৎ করেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদের ওপর হামলা করেন। তাঁরা জালালের মুখে ও নাকে ছুরিকাঘাত করেন। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা করা হয়। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাই।’ এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে জালাল ও শাহেদ আহত হন। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।