কুমিল্লায় ছাত্রলীগের নেতৃত্বে 'অছাত্র'রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ও শহর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছেন অছাত্ররা। দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে ছাত্রলীগের নেতৃত্ব এখন অছাত্রদের হাতেই।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১১ সালের ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে আ ফ ম আহসান উদ্দিনকে সভাপতি ও জালাল উদ্দিন আহাম্মদকে সাধারণ সম্পাদক করা হয়। ‘অছাত্র’দের দিয়ে কমিটি গঠন করায় ওই সময়ে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও তাঁর অনুসারী সাবেক ছাত্রনেতারা বিবৃতি দিয়ে প্রতিবাদ করেন।
ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই রেলমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী ছিলেন। ১৯৯৭ সালে আ ফ ম আহসান উদ্দিন ও ১৯৯৯ সালে জালাল উদ্দিন আহাম্মদ এসএসসি পাস করেন। ১৫ সদস্যবিশিষ্ট ওই কমিটির একজন ছাড়া বর্তমানে সবাই অছাত্র৷ জালাল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আনিসুর রহমানের অনুসারী। আ ফ ম আহসান রেলমন্ত্রীর অনুসারী।
২০০৪ সালে কুমিল্লা শহর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ১৯৯৪ সালে ওই কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুমন দাস এসএসসি পাস করেন। ৫৩ সদস্যবিশিষ্ট ওই কমিটির বেশির ভাগই বর্তমানে অছাত্র। সুমন দাস রেলমন্ত্রীর অনুসারী। আর সাইফুল ইসলাম আনিসুর রহমানের অনুসারী।
দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। কিন্তু বছরের পর বছর কমিটি না হওয়ায় নিয়মিত ছাত্ররা স্থান পাচ্ছেন না। যে কারণে অছাত্রদের হাতে ছাত্রলীগের নেতৃত্ব রয়ে যায়। পদবিধারী অছাত্রদের কেউ কেউ ভর্তি-বাণিজ্য, দরপত্র নিয়ন্ত্রণ, অস্ত্রবাজি, জমি ইজারা থেকে শুরু করে নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়ছেন।
জানতে চাইলে আ ফ ম আহসান উদ্দিন বলেন, ‘যখন ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম তখন আমার ছাত্রত্ব ছিল না। কিন্তু আমার বয়স কম ছিল। রেলমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী হয়েই দলের জন্য কাজ করছি।’
শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘১০ বছর আগে সাধারণ সম্পাদক হয়েছি। তখন ছাত্রত্ব ছিল। কমিটি না হওয়ার কারণে আমরা এখনো বহাল রয়েছি। এর সঙ্গে ছাত্রত্বের কোনো সম্পর্ক নেই। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই।’
অন্যদিকে শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহাম্মদ বলেন, দীর্ঘদিন থেকে ছাত্রলীগের জন্য কাজ করছি। দল যদি মনে করে আমাদের প্রয়োজন নেই, তাহলে থাকব না। তবে নিয়মিত কমিটি হলে সংগঠনে প্রকৃত ছাত্ররা ঢুকত তাঁরা বলে স্বীকার করেন।
আনিসুর রহমান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা নিয়মিত ছাত্রদের দিয়েই কমিটি গঠন করেন। কুমিল্লায় দীর্ঘদিন কমিটি না হওয়ায় বর্তমান কমিটির বেশির
ভাগই অছাত্র বনে গেছেন।’ এ ব্যাপারে গত ৩ জুন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রেলমন্ত্রী মুজিবুল হকের মুঠোফোনে কল করলে তিনি ধরেননি৷