কুমিল্লায় ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর ছাত্রদলে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ছাত্রলীগের বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী ছাত্রদলে যোগদান করেছেন। গত বুধবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা যোগদান করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হক সাক্কু ফুলের তোড়া দিয়ে তাঁদের বরণ করে নেন। যোগদানকারী ছাত্রদের মধ্যে আছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নুরুন্নবী, হাউজিং এস্টেট শাখা ছাত্রলীগের সভাপতি ইসমাইল ইউসুফ, শহর ছাত্রলীগের সদস্য আবদুল মোতালেব, মাকসুদুর রহমান মজুমদার প্রমুখ।সৈয়দ মোহাম্মদ নুরুন্নবী বলেন, ‘দীর্ঘ সময়ে কাজ না পাওয়া এবং দলের মধ্যে অবমূল্যায়ন হওয়ায় ছাত্রদলে যোগদান করেছি। ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন সময় আমাদের ব্যবহার করলেও কোনো ধরনের কাজ দেননি।’জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, ‘এর আগেও ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা দুইবার বিএনপি ও ছাত্রদলে যোগদান করেছিল। এদের যোগদান কোনো অবস্থাতেই ছাত্রলীগকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। বরং দলের ভেতর ঘাপটি মেরে থাকা অংশ নিজ উদ্যোগেই বিদায় নিল।’